বিত্তবানদের সহযোগিতা পেলে বাঁচতে পারে জাফরিন

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১১:৩৬
বিত্তবানদের সহযোগিতা পেলে বেঁচে যেতে পারে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী জাফরিন আক্তার (৯)।
 
ডাক্তার বলেছে জাফরিনের ব্লাড ক্যান্সার হয়েছে চিকিৎসা হলে ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাবাবিহীন অভাবের সংসারে দু'বেলা দু'মুঠো ভাত খাওয়াই অসাধ্যকর সেখানে চিকিৎসা করার চিন্তাই বৃথা। ফলে দিন দিন বিনা চিকিৎসায় মৃত্যুর কুলে ঢলে পড়ছে জাফরিন।
 
সরেজমিনে জানা যায়, জাফরিন আক্তারের আসিক মিয়া (১১) নামে বড় এক ভাই ও পাপিয়া আক্তার (৭) নামে ছোট একটি বোন রয়েছে। বাবা আশরাফুল ইসলাম দিনমজুরের কাজ করতেন। তিনি প্রায় আট বছর আগে পেটের তাগিতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের ধারণা তিনি আর পৃথিবীতে নেই। মা হাজেরা বেগম স্বামীকে হারিয়ে সহায়সম্বলহীন অবস্থায় কোন উপায় না পেয়ে নিজেই কখনো অন্যের বাড়িতে ঝি এর কাজ করতেন আবার কখনো অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোন রকম তিন সন্তানকে নিয়ে খাইয়ে না খাইয়ে চলে আসছিলেন। যে সংসারে একবার খেলে পরেরবার খাওয়ার সম্ভাবনা নাই, সে সংসারে সন্তানদের স্কুলে পড়ানোর চিন্তা করাটাই অকল্পনীয়। কিন্তু জাফরিন আক্তার লেখাপড়ার প্রতি আগ্রহ থাকায় মা হাজেরার কষ্ট হলেও নিকটস্থ্য মরজাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করায়।
 
ধীরে ধীরে জাফরিন লেখা পড়ায় মনোযোগী হয়ে উঠছিল। এরই মাঝে বিধি বাম। গত রমজানের কিছুদিন আগে তার জ্বর হয়। প্রাথমিক চিকিৎসায় প্রথম প্রথম জ্বর সেরে গেলেও কিছুদিন পর পর আবার জ্বর আসতো। সে জ্বরই আজ জাফরিনার জীবনে কাল হয়ে দাঁড়ালো। গত প্রায় দু'মাস আগে এলাকার লোকজন ঢাকা শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন তার ব্লাড ক্যান্সার হয়েছে। সময় মতো চিকিৎসা করলে ভাল হয়ে যেতে পারে। কয়েক দিন হাসপাতালে ভর্তিও ছিল। কিন্তু পকেটে খরচের টাকা না থাকায় বাড়ি ফিরে আসে। সেই থেকে বিনা চিকিৎসায় পড়ে রয়েছে রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামে নিজ বাড়িতে।
 
জাফরিনের মা হাজেরা বেগম বলেন, 'চোখের সামনে মেয়ের করুণ দৃশ্য আর সহ্য করতে পারছি না।' এমতাবস্থায় যে কোন হৃদয়বান বা বিত্তবান ব্যক্তি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাজেরা বেগম। আর্থিক সহযোগিতা জন্য নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। মো. কবির হোসেন ০১৭১৪৩৮৫০৪৪। ব্যাংক একাউন্ট নম্বর: বিসমিল্লাহ ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স, অ্যাকাউন্ট নম্বর: ১৭১৮২০০০০০২৫১, সোনালী ব্যাংক লি. বাঁখরনগর শাখা, রায়পুরা, নরসিংদী।
 
ইত্তেফাক/এসএস