কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার ১শ' ৫০ পিস ইয়াবা বড়িসহ একটি টমটম জব্দ করেছে। গতকাল মঙ্গলবার রাতের এই ঘটনায় এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
জানা যায়, গতকাল রাত ৯টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন খবর পান। পরে তিনি এই খবরের ভিত্তিতে বিশেষ ৩টি টহল দল নিয়ে টেকনাফ সদর বিওপির ১ নম্বর স্লুইস গেট সংলগ্ন বেড়িবাঁধে অভিযান চালান। এসময় ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলার মণ্ডু থানার ব্রাহ্মণপাড়ার মো. হারুনকে (২৫) আটক করেন।
আরও জানা যায়, আরেকটি অভিযানে হোয়াইক্যংয়ের ঝিমংখালী বিওপির অধীনস্থ ৫ ও ৬ নম্বর স্লুইস গেটের মধ্যবর্তী লবণ মাঠ থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এছাড়া, নাজিরপাড়া বিওপির চান্দুলিয়াপাড়া পয়েন্টে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা বড়িসহ একটি টমটম জব্দ করেন। এই ঘটনায় সাবরাং লেজির পাড়ার মৃত মকবুল আহমদের ছেলে মো. ইদ্রিসকে (৪৫) পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা গেছে, জব্দকৃত ওই ইয়াবাগুলোর মূল্য প্রায় ১২ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকা। নিষিদ্ধ ইয়াবা রাখার অপরাধে ধৃত মিয়ানমার নাগরিক ও পলাতক আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা বড়িসহ টমটম টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
