নুসরাত হত্যা: আরও ২ জন গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১২:১৪

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতাররা হলেন, কামরুন নাহার মণি ও মো. শরীফুল ইসলাম। এদের মধ্যে মঙ্গলবার রাতে মণিকে ফেনী শহর এলাকা ও শরীফুলকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম জানান, বোরকাধারী মণি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী পাঁচজনের একজন, যাকে পুলিশ খুঁজছিল ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল মো. শরীফুল ইসলামের।

আরও পড়ুন: মেহেরপুরে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

তিনি আরও জানান, এদেরকে বুধবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফউদ্দিন আহমেদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
আসামি শাহাদাত হোসেন ওরফে শামীম ও নুর উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেওয়া তথ্যের ভিত্তিতে এই দুইজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পিবিআই।

গত ৬ এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় বোরকা পরা ৪/৫জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে হাত-পা বেঁধে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান প্রতিবাদী নুসরাত জাহান রাফি।

ইত্তেফাক/এমআরএম