সমাজকল্যাণ মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, খাস জমি ভূমিহীনদের আইনগত অধিকার। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে ভূমিহীনরা এখনও তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাতীয় কৃষক সমিতি আয়োজিত কৃষক ভূমিহীন ও বাস্তুহারা সমাবেশে বুধবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেন, তিনি দুর্নীতির কারণে আজ কারাগারে। এটি আইনগত বিষয়। কিন্তু দুর্নীতির মামলায় যিনি কারাদণ্ডিত হয়েছেন, বিএনপি তাকে নিয়েই আগামী নির্বাচনের স্বপ্ন দেখছেন, এটা সম্ভব নয়।
রাশেদ খান মেনন আরো বলেন, বিএনপির শাসনামলে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত ছিল। তারা ক্ষমতায় এলে দেশ আবার দুর্নীতি এবং লুটপাটের ক্ষেত্রে পরিণত হবে। তাদের ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মতিন মোল্লার সভাপতিত্বে স্থানীয় শহীদ মিনার চত্বরে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সংগঠনের গাইবান্ধা জেলা সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরেন সরকার, জেলা সদস্য মাসুদুর রহমান মাসুদ, মিলন কান্তি সরকার, গোবিন্দগঞ্জ জাতীয় কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুব মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদ, উপজেলা যুব মৈত্রীর সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
