রোহিঙ্গাদের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে ভারত। গত ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে এই আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই ছিল তার প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের আমন্ত্রণে তিনি ঢাকা সফর করেন।
পররাষ্ট্র সচিব বিজয় গোখলে জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সাহায্যের ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা দেবে ভারত সরকার। ভারত ইতোমধ্যে সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। পররাষ্ট্র সচিব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত-বাংলাদেশ সম্পর্কের নানা দিক সম্পর্কে অবহিত করেন।
বিজয় গোখলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাৎ করেন। সফরের বিভিন্ন বৈঠকে উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরে এবং ২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা বিভিন্ন চুক্তি ও সমঝোতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ
