'এতিম শিশুদের দিয়েও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব'

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৪:২৭
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এতিম শিশুদের পিতা-মাতার স্নেহে বড় করে তুললে তাদের দিয়েও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সরকারের তরফ থেকে এ ধরণের শিশুদের জন্য প্রতি জেলাতে শিশু পরিবার রয়েছে। সাধারণভাবে সরকারের পক্ষ থেকে এ সকল প্রতিষ্ঠানগুলোতে ক্যাপিটেশন গ্রান্ট দেওয়া হয়। অর্থাৎ ওই শিশুদের একাংশের ভরণ পোষণের খরচ দেওয়া হয়। এ জন্য ওই প্রতিষ্ঠানগুলোকে সমাজসেবা মন্ত্রণালয়ের অধিভুক্ত হতে হয়।
 
আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের গোলাপ খাঁ শিশু সদন পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সমাজের হিতৈষী ব্যক্তিগণ বিভিন্ন জায়গায় এ ধরণের শিশু সদন বা এতিম খানা খুলে ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করছে। কিন্তু গোলাপ খাঁ শিশু সদনটি এর ব্যতিক্রম। যা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত। ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াচ্ছে।
 
এ সময় গোলাপ খাঁ শিশু সদনের সভাপতি রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিসি রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেজর জেনারেল (অব.) আমসা আ আমীন, শিশু সদনের পরিচালক বিলকিছ বানু, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস প্রমুখ।
 
আজ সকাল ৮টায় মন্ত্রী গোলাপ খাঁ শিশু সদনে আসলে সুসজ্জিত ব্যান্ড দল তাকে সাদর সম্ভাষণ জানায় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে আলোচনা সভা শেষে মন্ত্রী শিশু সদন থেকে কুড়িগ্রামে গিয়ে পৌরসভা চত্বরে মাদক মুক্ত সমাজ জেলা কমিটি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও নাগরিক সমাবেশে অংশ নেন।
 
ইত্তেফাক/এসএস