একদিনে বিশ্বের সর্ববৃহৎ ভোট উৎসব এটি। যেই নির্বাচনে ভোটারের সংখ্যা ১৯ কোটির উপরে। তারা একইসঙ্গে প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় ও স্থানীয় আইনসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে।
বুধবার সকালে শুরু হয়ে বাংলাদেশ সময় দুপুর নাগাদ ইন্দোনেশিয়ায় শেষ হয়েছে এই ভোটযজ্ঞ। কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। তবে নির্বাচন কমিশন মে মাসে আনুষ্ঠানিক ফল প্রকাশ করবে।
এই নির্বাচনে ইন্দোনেশিয়ায় সব মিলিয়ে স্থানীয় ও কেন্দ্রীয় আইনসভার মোট ২০ হাজার আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে প্রার্থীতা করেছেন অন্তত দুই লাখ ৪৫ হাজার ব্যক্তি।
আরও পড়ুন : ‘নির্বাচনী প্রচারণায় বাধা-বিপত্তিতে কোনো আইন নেই’
প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো ও সাবেক জেনারেল প্রাবো সুবিয়ান্তো। সবশেষ ২০১৪ সালে সবশেষ নির্বাচনে সুবিয়ান্তোকে হারিয়েই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন উইদোদো। দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের জন্য এই নির্বাচনে উইদোদোর বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে দুই প্রেসিডেন্ট প্রার্থী উইদোদো রাজধানী জাকার্তায় এবং প্রাবো নিজ এলাকা বগরে ভোট দিয়েছেন।
অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব ৫ হাজার কিলোমিটারেরও বেশি। সেখানে একদিনে এই বিরাট ভোটের আয়োজনকে ধরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভোট উৎসব হিসেবে।
ইত্তেফাক/কেআই
