ফের উত্তাল ভারতের কাশ্মীর। বুধবার রাতে জঙ্গি দমন অভিযানের সময় সেনাবাহিনী-জনতা সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নিহত হয়েছে এক সেনাও। জানা গেছে, কুলগাম জেলার খুদওয়ানিতে ওয়ানি মহল্লা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী।
সেখানে তল্লাশির সময় জওয়ানদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। তাতে তিন সেনা আহত হন। তাদের বাদামিবাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই গুণকারা রাও নামে এক সেনার মৃত্যু হয়। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। জঙ্গিরা পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরেই তাদের খুদওয়ানিরই অন্য এলাকায় মোটরবাইক নিয়ে উল্লাস করতে দেখা যায়। বাহিনীর হাত থেকে তারা বেঁচে যাওয়ায় হইচই করতে পথে নেমেছিল স্থানীয়দের একাংশও।
সংঘর্ষের সময়ে বাড়ি থেকে বেরিয়ে বাহিনীকে লক্ষ করে পাথর ছুড়তে শুরু করে স্থানীয়দের একাংশ। পাল্টা গুলি চালায় বাহিনী। তাতে প্রায় চল্লিশ জন আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তিন জনের। বিলাল আহমেদ দার ও শারজিল আহমেদ খানের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় ফয়জল ইলাহি। চতুর্থ জনের পরিচয় জানা যায়নি। বিলাল, শারজিল ও ফয়জলের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
