ভারতের সাবেক মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার। জানা গেছে, অটলবিহারী বাজপেয়ীর আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন চিন্ময়ানন্দ। ২০১১ সালে চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন তার আশ্রমের আবাসিক এক তরুণী।
বিনা বিচারে সেই মামলা এত দিন পড়ে ছিল। গত ৬ মার্চ রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছিল। সেই মতো গত ৯ মার্চ তদন্তকারী অফিসারকে লিখিতভাবে মামলা প্রত্যাহার করতে জানিয়ে দিয়েছে শাহজাহানপুর প্রশাসন। যদিও রাজ্য সরকারের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্য মামলা তুলে নেয়ার সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতই। তিনি আরো বলেন, ‘কারও যদি কোনো আপত্তি থাকে (মামলা তুলে নেওয়ার), তিনি আদালতে চ্যালেঞ্জ করতে পারেন।’
IMG0
ইতিমধ্যেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও জেলা বিচারকের কাছে চিঠি পাঠিয়েছেন ধর্ষিতা। চিঠিতে তিনি এও উল্লেখ করেছেন, এ বছরের গোঁড়ায় ২৫ ফেব্রুয়ারি শাহজাহানপুর সফরে এসে ধর্ষণে অভিযুক্ত ওই সাবেক মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজও করেছিলেন যোগী আদিত্যনাথ।
চিন্ময়ানন্দের বিরুদ্ধে ২০১১ সালে কোতোয়ালি থানায় এফআইআর করেন তার আশ্রমের আবাসিক এক তরুণীর বাবা। ওই তরুণী দীর্ঘদিন চিন্ময়ানন্দের আশ্রমে ছিলেন। মেয়েটির অভিযোগ, তাকে হরিদ্বারের আশ্রমে রাখা হয়েছিল। সেখানে তাকে ধর্ষণ করেন সাবেক মন্ত্রী। চিন্ময়ানন্দ হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তার গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয়। সেই থেকে পড়েছিল মামলাটি। এবার সেই মামলা তুলে নিচ্ছে যোগী সরকার।
ইত্তেফাক/সেতু
