ইটনায় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৫:৩৪

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে পুলিশের সঙ্গে নৌ-ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের নাজিম উদ্দিন (৩৫) ও জামাল মিয়া (২৭), একই গ্রামের মুক্তার আলী (২২) এবং  নিকলী উপজেলার সিংপুর গ্রামের মারুফ মিয়াকে (১৯) গ্রেফতার করেছে। 

পুলিশ ডাকাতদের কাছে থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ, ৮টি রামদা, ১টি চাপাতি, বিপুল পরিমাণ কাতরা, ঢাল, হলঙ্গা, লাঠি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে ওসি মো. মুর্শেদ জামানসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।গুলিবিদ্ধ নাজিম উদ্দিন ও জামাল মিয়াকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং বাকি দুইজনকে ইটনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ইটনা উপজেলার কুলিভিটা গ্রাম সংলগ্ন ধনু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকায় জড়ো হয়ে ১০/১২ জনের  নৌ-ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ইটনা থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়।এক পর্যায়ে ডাকাতদল পানিতে ঝাঁপিয়ে পালানোর সময় চারজন ডাকাতকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: বিদ্যুৎ সংযোগ নেই অথচ বকেয়া বিলের মামলায় দিনমজুর কারাগারে

ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান জানান, ধৃত নাজিম উদ্দিন ও জামাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক খুন ও ডাকাতির মামলা রয়েছে। এ ব্যাপারে ইটনা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/অনি