কোটা সংস্কারের মত আমাদের আন্দোলনও বৃথা যাবে না : রিজভী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২১:১৯
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মানুষের ভোটের অধিকার ফিরে পেতে যে আন্দোলন চলছে, তার বিজয় সন্নিকটে। কেউ দমিয়ে রাখতে পারবে না। চক্রান্ত করে বন্দুকের নলের জোরে কখনো মানুষের অধিকার দমিয়ে রাখা যায় না। কোটা সংস্কারের মত আমাদের ন্যায্য আন্দোলনও বৃথা যাবে না। শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 
 
রিজভী বলেন, আমাদের সুস্পষ্ট দাবি, সর্বপ্রথম বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর ব্যতয় হলে জনগণ আর অপেক্ষা করবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পতন এক সঙ্গে সংঘটিত হবে। 
 
কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ এবার মুখিয়ে আছেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেই। যেকোনো ন্যায্য দাবির আন্দোলন কখনো বৃথা যায় না। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের ন্যায্য আন্দোলনও বৃথা যায়নি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ন্যায্য আন্দোলনও অচিরেই সফল হবে।
 
রিজভী বলেন, সরকারের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতির করালগ্রাসে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। বর্তমানে দেশে নিত্যপণ্যসহ দ্রব্যমূল্যের ঊধ্বগতি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থান নেই, বিদেশি রেমিটেন্স আসা প্রায় বন্ধ, বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে, রাস্তাঘাট বেহাল দশার কারণে গ্রামের খেটে খাওয়া মানুষগুলোও রিকশাভ্যান, সিএনজি চালানোসহ যে সকল কাজ করে জীবিকা নির্বাহ করতো, সেটুকুর সুযোগও আজ নেই। গত বছরের বন্যা ও প্রাকৃতিক দুর্বিপাকে কৃষকের ফসলহানির পর সরকারের সবদিকে ব্যর্থতার কারণে চালের দামসহ সকল খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে মানুষ এখন দু’বেলা দুমুঠো ভাতও পাচ্ছে না।
 
খালেদা জিয়ার শুভেচ্ছা
রিজভী জানান,বৃহস্পতিবার বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধি দল কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বেগম জিয়া আইনজীবীগণকে বলেছেন, তারা যেন আমার পক্ষ থেকে দেশের জনগণ, দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমের সাংবাদিকসহ সকলকে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানান।
 
ইত্তেফাক/ইউবি