বর্ষবরণে শ্লীলতাহানি : সাক্ষী না আসায় আটকে আছে বিচার

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ০৯:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের শ্লীলতাহানির ঘটনার তিন বছর পূর্তি হচ্ছে আজ। এ দীর্ঘ সময়ে মামলার অভিযোগ গঠন হলেও সাক্ষী না আসায় বিচারকাজে স্থবিরতা দেখা দিয়েছে।
 
জানা গেছে, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক গত বছরের ১৯ জুন এ মামলার অভিযোগ গঠন করলেও তিনটি তারিখেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারছে না। আর এতে মামলাটি গতি হারাতে বসেছে। সরকারি কৌঁসুলি মাহমুদা আক্তার বলেন, রাষ্ট্রপক্ষ থেকে মামলাটি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আদালত থেকে সাক্ষীদের প্রতি সমন পাঠানো হলেও পুলিশ সাক্ষী আনতে ব্যর্থ হচ্ছে।
 
মানবাধিকার কর্মী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, যৌন হয়রানির যে দু’চারটা মামলা আসে, তা কোনো সময়ই সঠিকভাবে তদন্ত হয় না বরং এক্ষেত্রে ভিকটিমদের দোষারোপ করা হয়। সরকারের উচিত এসব ঘটনায় যুক্তিসংগত সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা।
 
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ এপ্রিল এ ঘটনা ঘটে। ২০১৬ সালের ২০ ডিসেম্বর মো. কামালকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান বলেন, এজাহারে কামালের নাম ছিল না। পুনঃতদন্তে চার্জশিটে তার নাম এসেছে। ভিডিও ফুটেজে এমন কিছু আসে নাই যে সে কাউকে ধরছে, টানছে বা শ্লীলতাহানি করছে। শুধু ভিডিও ফুটেজে তার ছবি আসার কারণে তাকে মামলায় জড়ানো হয়েছে।