গত বছরের নভেম্বর মাসে মুক্তি পাওয়া 'ললনা' গান দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। গত ১৫ নভেম্বর গানটি প্রকাশ করে সিএমভি। আর মাত্র ৫ মাসে গানটির ইউটিউভ ভিউ দাঁড়ায় প্রায় ৫ কোটিতে। সফলতার এই ধারাবাহকতা ধরে রাখতেই একই গানের সিক্যুয়েল নিয়ে আবার হাজির হয়েছে শেখ সাদী। আর গানটির মিউজিক ভিডিওতে তার সঙ্গে দেখা যাবে সোশ্যাল মিডিয়ার আরেক জনপ্রিয় নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখকে।
শেখ সাদী জানান, 'এবারের গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছি আমি। আর গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন ও সংগীতায়োজন করেছেন আলভী'। গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
শেখ সাদী বলেন, 'আমি বরাবরই চেষ্টা করি নিজের মতো করে গান করতে। গানের কথা ও সুরের প্রতি আমার নজর থাকে তীক্ষ্ণ। প্রথম গানটি প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। প্রায় ৫ মাস সময় নিয়ে আবারও নতুন গান করলাম। ভিডিওটাও হয়েছে অসাধারণ। আমার বিশ্বাস এবারের গানটি আরও জনপ্রিয়তা পাবে'।

সিএমভির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, 'বিশেষ এই গানটি আজ ১৭ এপ্রিল বেলা ৩টায় মুক্তি পেয়েছে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও জিপি মিউজিক-এর এক্সক্লুসভি ট্র্যাক হিসেবে'।
ইত্তেফাক/জেডএইচডি
