বিভিন্ন সময়ে ভোটারদের মন জয়ে ও নির্বাচনে জিততে নানা রকম প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দল এবং প্রার্থীরা। তবে নির্বাচনে জিতলে মদ অথবা সোনা অথবা মাংস খাওয়ানোর মতো প্রতিশ্রুতি দেওয়ার ঘটনা অবাক করার মতো কান্ড। এমনই একটি ঘটনা ঘটিয়েছেন ভারতের একটি রাজনৈতিক দল। চলমান লোকসভা নির্বাচনে জয়ী হলে ঈদের সময় বিনামূল্যে ছাগলের মাংস, ৫০ শতাংশ ছাড়ে মদ ও নারীদের বিনামূল্যে স্বর্ণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সাঁঝি বিরাসাত পার্টি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ভারতীয় গণমাধ্যমের ওই প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে চলমান লোকসভা নির্বাচনে চারদিকে উপহারের বন্যা বইছে। ভোটাদের নিজেদের দিকে টানতে ও তাদের মন জয় করতে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন দল এবং এর প্রার্থীরা। সেই ধারাবাহিকতায় দিল্লির ভোটারদের আকৃষ্ট করতেই সাঁঝি বিরাসাত পার্টির পক্ষে উত্তর-পূর্ব দিল্লি থেকে নির্বাচনে অংশ নেওয়া অমিত শর্মা তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বিনামূল্যে ছাগলের মাংস, ৫০ শতাংশ ছাড়ে মদ ও নারীদের বিনামূল্যে স্বর্ণ দেওয়ার কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: ‘নটরডাম ক্যাথেড্রালর মত লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদও ঝুঁকিতে’
অমিত শর্মা তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেন, নির্বাচনে জিতলে ৫০ শতাংশ ছাড়ে মদ কিনতে পারবেন রাত রাজ্যের জনগণ। ঈদে রাজ্যের মুসলমানদের বুনামূল্যে ছাগলের মাংস দেওয়া হবে। এমনকি রাজ্যের নারীদেরকেও বিনামূল্যে দেওয়া হবে স্বর্ণালংকার।
উল্লেখ্য, উত্তর-পূর্ব দিল্লিতে সাঁঝি বিরাসত দলের হয়ে লড়ছেন অমিত শর্মা। ভারতের চলমান লোকসভা নির্বাচনে দিল্লির মনোনয়ন জমা শুরু হয়েছে ১৬ এপ্রিল। আগামী ১২মে ষষ্ঠ দফায় দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/জেডএইচডি
