মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে নৈতিকভাবে যোগ্য নন ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি নারীদের মাংসের টুকরো হিসেবে মনে করেন। গত বছর বরখাস্ত হওয়ার পর এই প্রথম টেলিভিশনে কোনো বড় সাক্ষাত্কার দিলেন কোমি। এবিসি নিউজকে তিনি বলেন, ট্রাম্প অব্যাহতভাবে মিথ্যা বলে চলেছেন এবং হয়তো বিচারের কাজেও বাধা তৈরি করছেন। খবর বিবিসি’র
কোমি বলছেন, ট্রাম্প শারীরিকভাবে অযোগ্য বলে আমি মনে করিনা। আমি মনে করি, নৈতিকভাবে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। আমাদের প্রেসিডেন্টকে অবশ্যই সম্মান অর্জন করতে হবে এবং যে ভিত্তিগুলোর ওপর দেশ গঠিত হয়েছে, তার প্রতি মূল্যবোধ থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যি বলতে হবে। কিন্তু প্রেসিডেন্ট সেটা করতে পারছেন না।
কোমির সাক্ষাত্কার প্রচারের কয়েক ঘণ্টা পর ট্রাম্পের পার্টির রিপাবলিকান ন্যাশনাল কমিটি একটি বিবৃতি দিয়ে বলেছে, নিজের নতুন বইয়ের প্রচারণা বাড়াতে কোমির এই সাক্ষাত্কার যেখানে তিনি প্রমাণ করেছেন তার সত্যিকারের আনুগত্য আসলে তার নিজের প্রতি। কোমির আত্মজীবনীমূলক নতুন বইয়ের নাম ‘অ্যা হাইয়ার লয়্যালটি: ট্রুথ, লাই’জ এন্ড লিডারডশিপ’। বইয়ে তার দায়িত্ব পালনের সময়কার নানা ঘটনার বর্ণনা রয়েছে। সাক্ষাত্কারটি প্রচারের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প আক্রমণাত্মক হয়ে বলেন, এগুলো কোমির অনেক মিথ্যার অংশ।
ইত্তেফাক/নূহু
