সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার দেশের সব এলাকার সুষম উন্নয়নের চেষ্টা করছে। তাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পীরগঞ্জ উপজেলা সদরে ডায়াবেটিস হাসপাতাল নির্মাণের জন্য ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সামনে ডায়াবেটিক সমিতি আয়োজিত এক জনসমাবেশে তিনি এ সব কথা বলেন।
পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ আব্দুস সোবহান, ডাবেটিসক সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক উপাধ্যক্ষ মো. ফয়জুল ইসলাম প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে দেশে সব অঞ্চলে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। এ সময় তিনি পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দ দেয়ার আশ্বাস দেন।
ইত্তেফাক/ইউবি
