মুলাদীতে ঝড়ে নিহত ১, বাউফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৭:৪০
বরিশালের মুলাদীতে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় গাছ চাপায় রাশিদা বেগম (৩০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদিকে ঝড়ে খুটি ভেঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। 
 
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আকস্মিক ঝড়ে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া, চরমালিয়া গ্রাম এবং চরকালেখান ইউনিয়নের চরকালেখান, দক্ষিণ গাছুয়া গ্রামসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়। ওই সময় পশ্চিম বোয়ালিয়া গ্রামের জালাল মজুমদারের স্ত্রী রাশিদা বেগম গোয়াল ঘরে গরু বাধার সময় গাছ ভেঙ্গে চাপা পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। 
 
এ ছাড়া ঝড়ের সময় গাছের ডাল ভেঙ্গে বিভিন্ন এলাকার ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ঝড়ে চরকালেখান আদর্শ কলেজের ছাত্রাবাস বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ মো. কবির হোসেন খান।
 
এদিকে ঝড়ে খুটি ভেঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে পৌর শহরে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বিভিন্ন সড়কে গাছ ‍উপড়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি