‘ভিসির বাসভবনে হামলার মামলা প্রত্যাহারের দাবি কেন?’

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৮:১১
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি কেন? জনমনে এখন প্রশ্ন দেখা দিয়েছে মামলা প্রত্যাহার দাবি কারিরা কি হামলার সাথে যুক্ত? এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
 
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে মুক্তিযুদ্ধ একাডেমী ট্রাস্ট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, যারা উপাচার্যের বাসভবনে হামলা করেছে এবং যারা এর পেছন থেকে কল-কাঠি নেড়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচার নিশ্চত করা হোক। এই আন্দোলনের পেছনে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে বিধায় নানান ধরণের কথাবার্তা ছড়ানো হচ্ছে।
 
তিনি বলেন, যুদ্ধাপরাধীর একটি চক্র এখনো বিভিন্নভাবে দেশকে অস্তিতিশীল করার চেষ্টা করছে। আর এসবের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপির নেত্রী খালেদা জিয়া।
 
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদের সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালনের জন্য বীর মুক্তিযাদ্ধা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী(বীর বিক্রম) এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্ণেল আবু ওসমান চৌধুৱীকে সংবর্ধনা প্রদান করা হয়।এতে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট. ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি ,সাবেক প্রধান তথ্য কমিশনার কবি আজিজুর রহমান, ঢাকায় রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি. ডেমিনসহ প্রমুখ।
 
ইত্তেফাক/রেজা