সিংগাইরে গাড়িচালক নাজমুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৮:২০
মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেটকার চালক নাজমুল হোসেন হত্যা মামলায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
 
দন্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম সিংগাইর উপজেলার চান্দাহর এলাকার খলিলুর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব-শত্রুতার জের ধরে ২০১৬ সালের ৩মে সকাল ১০টার দিকে উপজেলার চান্দহর বাজার এলাকায় নাজমুল হোসেনকে শাবল দিয়ে আঘাত করেন জহিরুল ইসলাম। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাজমুল।
 
এ ঘটনায় নিহত নাজমুলের বাবা জহুরুদ্দিন বাদী হয়ে জহিরুল ইসলাম ও তার বাবা খলিলুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আসামি জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি খলিলুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়।
 
ইত্তেফাক/এমআই