গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন হত্যা মামলায় চাচাতো ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রায়ে একই সঙ্গে আসামিকে অপর একটি ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল হায়দার বকুল পূবাইলের নয়ানীপাড়া এলাকার মৃত জামির উদ্দিনের ছেলে।
বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। নিহত রহিমা খাতুন সিটি কর্পোরেশনের পূবাইল এলাকার আব্দুল হাইয়ের স্ত্রী।
গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ জানান, রহিমা খাতুনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল চাচাতো ভাই রেজাউল হায়দার বকুলের। এরই জের ধরে ২০১০ সালের ৩ নভেম্বর রহিমা খাতুনের ছেলে সোলেমানকে মারধর করেন রেজাউল হায়দার। পরে রেজাউল হায়দার বন্দুক নিয়ে রহিমার বাড়িতে হামলা করে। এ সময় হায়দারের ছোড়া একটি গুলি রহিমার গলায় লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় নিহত রহিমার স্বামী আব্দুল হাই বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় ৪ নভেম্বর মামলা দায়ের করেন। আদালতের বিচারক দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এ রায় প্রদান করেন।
ইত্তেফাক/ইউবি
