ঝিনাইদহে কৃষক হত্যায় দু’জনের যাবজ্জীবন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:০৫
সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের কৃষক মিলন হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড  ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আজম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার নাবিকেলবাড়িয়া গ্রামের ঠান্ডু বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম ও জবেদ আলির ছেলে মনছের আলি। দোষ প্রমাণিত না হওয়ায় ৬ আসামিকে খালাস দেন আদালত। 
 
মামলার নথি থেকে জানা যায়, নারিকেলবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। নিহত মিলনের নামে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়।  তিনি পালিয়ে পালিয়ে থাকতেন। ২০০৬ সালের ৬ জানুয়ারি বাড়িতে আসেন। ওই দিন রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১ টার দিকে প্রতিপক্ষ দলের লোকেরা বাড়িতে ঢুকে মিলনের খোঁজ করে। তার বাবা আব্দুল গফুর বলেন, মিলন বাড়িতে নেই। তা সত্বেও তারা ঘরে ঢুকে মিলনকে বেঁধে মাঠের দিকে নিয়ে যায়। পরের দিন মাঠের মধ্যে মিলনের লাশ পাওয়া যায়। 
 
এ ঘটনায়  নিহতের বাবা আব্দুল গফুর বাদী হয়ে ১৯ জনকে আসামি করে মামলা করেন। প্রথমে সদর থানার এসআই এমদাদুল হক তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বাদি চার্জশিটের বিরুদ্ধে না রাজি পিটিশন করেন। আদালত তা গ্রহণ করেন। পরে সদর থানার ওসি মাহবুবুর রহমান তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। গ্রেফতারের পর দণ্ডপ্রাপ্ত আসামি মনছের আলি ১৬৪ ধারায় আদালতে হত্যার দায় স্বীকার করে জবারবন্দি দিয়েছিল।
 
ইত্তেফাক/ইউবি