আগামী বাজেটে সিএনজি অটোরিকশা এবং থ্রি হুইলার্স মোটরবাইক করের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।
বৃহস্পতিবার এক প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, ‘আগামী ২০১৮-১৯ অর্থবছর থেকে সিএনজি এবং থ্রি হুইলার্স মোটরবাইক মালিকদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হবে।’
রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি, ফোর স্ট্রোক সিএনজি অটোরিকশা এন্ড থ্রি হুইলার্স মোটরবাইক ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ,বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতিসহ কয়েকটি সংগঠন অংশগ্রহণ করে।
সভায় ফোর স্ট্রোক সিএনজি অটোরিকশা এন্ড থ্রি হুইলার্স মোটরবাইক ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আসলাম আলী বলেন, সিএনজি মালিকদের ট্রেড লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি মালিকদের করের আওতায় আনা উচিৎ। একই সঙ্গে সিএনজিকে অ্যাপ ভিত্তিক সেবায় আসতে হবে।
এর জবাবে এনবিআর চেয়ারম্যান সিএনজি মালিকদের করের আওতায় আনার কথা জানান। তিনি বলেন, সিএনজি মালিকদের ট্রেড লাইসেন্স থাকা উচিৎ। অনেকেই বলছেন, বাস ট্রাককে কিভাবে আমরা করের আওতায় আনতে পারি। আগামী বাজেটে সিএনজি মালিকদের ট্রেড লাইসেন্স ও টিআইএন বাধ্যতামূলক করা হবে। পরিবহন ব্যবসার পাশাপাশি অন্য একটা ব্যবসা দেখিয়ে যাতে কর ফাঁকি দেয়া না যায়, সেদিকে এনবিআর সতর্ক নজর রাখছে বলে তিনি জানান। বাসস
ইত্তেফাক/ইউবি
