মিয়ানমারের তিনটি অঞ্চলের ওপর দিয়ে গত তিন দিনে প্রচণ্ড শক্তিশালী ঝড় বয়ে গেছে। এতে একজন নিহত এবং ৮শ’র বেশি বাড়িঘর ও কয়েকটি মঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার একথা জানায়। খবর সিনহুয়া’র।
পাউংদে, ন্যাটালিন, হিনথাদা ও হোমালি শহরসহ বাগো, আয়েইয়াওয়াদি ও সাগাইং অঞ্চলে ঝড়টি আঘাত হানে। সপ্তাহান্তে মাগওয়ে অঞ্চলের মিয়াইং শহরে একটি শক্তিশালী ঝড়ের আঘাতে ১৮টি বাড়ির ছাদ উড়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের সহায়তা দিয়েছে।
এদিকে, মিয়ানমারের আবহাওয়া দপ্তর মধ্য এপ্রিল থেকে মধ্য মে মৌসুমের আগেই আরো দুটি বজ্রসহ শক্তিশালী ঝড় আসতে পারে বলে সতর্ক করেছে। নাগরিকদের ঝড়ের আঘাত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আবহাওয়া ব্যুরো দিনের সময় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
