শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) আয়োজনে ঢালিউড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে অংশ নিতে ঢাকার বিনোদন জগতের একঝাঁক তারকা এখন অবস্থান করছেন নিউইয়র্কে। তাদের সম্মানে শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে আয়োজন করা হয় সৌজন্য অনুষ্ঠানের। এসএমপির কর্ণধার আলমগীর খান আলম অতিথিদের অভ্যর্থনা জানান।
যেসব তারকা এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন গণসঙ্গীত ও পপসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, সেলিম চৌধুরী ও শুভ্র দেব, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা সজল, সাজু খাদেম, মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা, চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
এছাড়াও ঢালিউড অ্যাওয়ার্ডের আসরে অংশ নিতে নিউইয়র্কে আরো এসেছেন এসআই টুটুল ও তাহসান। আরো আসছেন চিত্রনায়িকা রোজিনা, মাহিয়া মাহী, নুসরাত ফারিহা, ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া ও শখ। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবার চিত্রনায়িকা রোজিনাকে আজীবন সম্মাননা দেওয়া হতে পারে।
উল্লেখ্য, ২২ এপ্রিল রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের ইয়র্ক কলেজ অডিটরিয়ামে ঢালিউড অ্যাওয়ার্ডের ১৭তম আসর বসবে। এবারই প্রথম দুই পর্বে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে নিউজার্সির আটলান্টিক সিটিতে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ইত্তেফাক/কেকে
