বলিউডের ‘রোম্যান্স কিং’ নামে ডাকা হয় শাহরুখ খানকে। আজও রোম্যান্সের দৃশ্যে নায়ক হিসেবে তাঁর নাম চলে আসে সবার আগে। তবে বলিউডের এই নায়ক নাকি তার এক নারী ভক্তের জীবন নষ্ট করেছেন। শুনতে অবাক লাগলেও সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ করেছেন মুম্বাইয়ে বসবাসকারী এক বাঙালি নারী। ওই নারী জানিয়েছেন, তাঁর জীবন নষ্ট করার জন্য শাহরুখ খান দায়ী।
কিন্তু কেন এমন অভিযোগ আনলেন তিনি? আসলে গুরুতর কিছু নয়, নিছকই মজা করেই পোস্টটি করেছেন ওই নারী। ইন্সটাগ্রামের ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম প্রেমিকের কাছ থেকে নিখুঁত একটি প্রেমের প্রস্তাব পাব। আবহ সঙ্গীতে বাজবে বেহালা। সেই মানুষটি ধীরে ধীরে কাছে আসবে। হাওয়ায় আমার চুল এলোমেলো হয়ে যাবে। এরপর সে হাঁটু গেড়ে বসে আমার হাতে আংটি পরিয়ে দেবে। কিন্তু এমনটা কখনই ঘটেনি।’
আসলে ওই তরুণী তিন বছর ধরে এক পাঞ্জাবী যুবকের সঙ্গে প্রেম করেন। এরপর বাকি সময়টা দুই পরিবারের সম্মতি আদায়ে চলে যায়। শেষপর্যন্ত যখন সম্মতি মেলে, দু’জনের বিয়ে ঠিক হয়, তখনই ওই তরুণীর টনক নড়ে। তিনি যে শাহরুখের সিনেমার মতো এখনও কোনও প্রপোজাল পাননি নিজের প্রেমিকের থেকে। শেষপর্যন্ত নিরুপায় হয়ে প্রেমিকের অপেক্ষা না করে নিজেই শাহরুখের সিনেমার মতো প্রপোজ করেন। হাঁটু মুড়ে প্রেমিককে বিয়ের জন্য নিবেদন জানান। আবহসঙ্গীতে ততক্ষণে বেজে উঠেছে ব্রুনো মার্সের বিখ্যাত গান ‘ম্যারি মি’।
গোটা ঘটনায় প্রাথমিকভাবে হকচকিয়ে গেলেও এরপরই প্রেমিক তাঁকে জড়িয়ে ধরেন, আর কানে কানে বলেন, ‘আশা করি, আমাদের ছেলেমেয়েরা এতটা ফিল্মি হবে না।’
এরপরই তরুণী আরও একটি গুরুত্বপূর্ণ কথা লেখেন, ‘যেই স্বপ্নটি দেখে ছোট থেকে বড় হয়েছি, সেটা নিজেই পূরণ করে নিয়েছি। আমি অপেক্ষা করছিলাম। কিন্তু কেন একটি মেয়ে একটি ছেলের প্রেম নিবেদনের জন্য অপেক্ষা করবে? এখন যুগ পাল্টেছে। যদি তুমি তাঁকে পছন্দ কর, তাহলে এখনই নিজেই তাঁকে আংটি পরিয়ে দাও।’
ইত্তেফাক/মোস্তাফিজ
