বাঁধ নির্মাণে ছাতকে নির্বিঘ্ন বোরো ফসল তুলছেন কৃষকরা

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৫:৪৮
সুনামগঞ্জের ছাতকে বন্যা ও পাহাড়ি ঢল থেকে বোরো ধান রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিশেষ প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত ৫টি বাঁধ নির্মাণের ফলে নির্বিঘ্নে ফসল তুলছেন কৃষকরা। 
 
পূর্বের নির্ধারিত ৭টি বাঁধ ছাড়াও উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে ফসল রক্ষায় ছোট-বড় ৫টি বাঁধ নির্মাণ করা হয়।  ইতিমধ্যেই বিশেষ প্রকল্পের ওই ৫টি বাঁধের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। 
 
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কুড়িবিল ও এর আশপাশে রয়েছে সহস্রাধিক হেক্টর বোরো জমি। কুড়ি বিলের খাল, উগলীছড়া, তারাপুর খেলুর ঢালা, গনীর হাওরের ঢালা ও মৌ-আলুর খাল কুড়ি বিলের প্রবেশ মুখ। এসব খাল দিয়ে গত বছর বন্যার পানি প্রবেশ করে বোরো ফসল তলিয়ে যায়।  যার ফলে এসকল হাওরের ফসল তোলা থেকে বঞ্চিত হন কৃষকরা। 
 
বিষয়টি অবগত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন এসব স্থানে (ভাঙ্গায়) বিশেষ প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান সংশ্লিষ্ট দপ্তরে। গত ২৫ মার্চ পানি উন্নয়ন বোর্ড বরাবর খালসমূহের মুখ, ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান বন্ধকরনে উগলীছড়া মুখে ০.০৪৫ কি.মি বাঁধের বিপরীতে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা, কুড়ি বিল, গনীর ঢালা ও তারাপুর-সুড়িগাঁও ভাঙ্গায় ০.১ কি.মি বাঁধের বিপরীতে ৪ লক্ষ ৯৩ হাজার টাকা এবং মৌ-আলুর ভাঙ্গায় ০.০৭ কি.মি বাঁধের বিপরীতে ৩ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্ধ চেয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়। 
 
ওই প্রস্তাবনার প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশেষ প্রকল্পে বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যেই বিশেষ প্রকল্পের ওই ৫টি বাঁধের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন জানান, এমপি মুহিবুর রহমান মানিকের প্রচেষ্টায় বিশেষ এসব বাঁধ নির্মাণ করায় জাউয়ার কুড়িবিলসহ দেখার হাওরের ফসল বন্যা থেকে অনেকাটাই নিরাপদ রয়েছে। স্থানীয় কৃষকরা অনেকটা চিন্তা মুক্ত থেকে এখন ফসল তোলার কাজে ব্যস্ত রয়েছেন।বাসস
 
ইত্তেফাক/ইউবি