শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশে উন্নয়ন হলে একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই হয়। ওয়ার্ল্ড ব্যাংকের রেটিং অনুযায়ী আমরা ইতিমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০৪১ সালের অনেক আগেই আমরা উন্নত দেশে পরিনত হব। তার কার্যক্রমে সমগ্র বিশ্ব আজ বাংলাদেশকে বলছে উন্নয়নের রোল মডেল।
শনিবার দুপুরে ঝালকাঠি পৌরসভার বর্তমান পরিষদের ২ বছর পূর্তি উপলক্ষে পৌরবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত ১৯৯৬ সরকারে সময়ই করা হয়েছিল। ২০০১ সালের সরকার তা বাস্তবায়ন করে নাই কারণ শেখ হাসিনার সুনাম হবে। কিন্তু ১৫ বছর পিছিয়ে না গিয়ে এই পদ্মা সেতু নির্মাণ হলে সমগ্র দক্ষিণাঞ্চলে আরো আগেই শিল্পায়ন হতো। এই বিষয়টি তারা চিন্তা করে নাই।
পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ্আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির, চেম্বার সভাপতি মাহাবুব হােসেন খান।
ইত্তেফাক/আরকেজি
