বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করে না: কাদের

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৯:৫৫
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল রবিবার দিল্লি যাচ্ছে। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
 
ভারত সফর উপলক্ষে শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিজেপি এসে আমাদের জন্য ভোট চাইবে না, চাইতেও পারবে না। ইন্ডিয়ান ডেমোক্রেমির একটা বিউটি আছে। তারা বাংলাদেশসহ অন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে অন্যান্য দেশ এ বিষয়ে খুব দৌড়াদৌড়ি করে। অনেক দেশ ছোটাছুটি করে। ইন্ডিয়া এইগুলো করে না।’ 
 
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফর মূলত পার্টি টু পার্টি প্রোগ্রাম। এখানে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া বাড়বে। স্বার্থ ছাড়া সম্পর্ক গড়ে ওঠে না। তবে ইন্ডিয়া মোর দেন এ নেইভার।’
 
বামপন্থি ফখরুলের আল্লাহ-খোদায় বিশ্বাস কম
 
এদিকে ‘হায়াত-মউত আল্লাহর হাতে’ মর্মে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য ভয়ঙ্কর অশনি সংকেত।’ এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঠিকই তো বলেছি। আমি এই রুম থেকে ওই রুমে যাওয়ার আগেও মারা যেতে পারি। উনি বামপন্থী রাজনীতি করেছেন, তাই আল্লাহ-খোদায় বিশ্বাস কম।’
 
এদিকে রবিবার সকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। রাতে বাংলাদেশী দূতাবাসের আয়োজনে নৈশ্যভোজে অংশ নেবেন তারা। পর দিন ২৩ এপ্রিল সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট অধিবেশন পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। পরে ভারতীয় জনতা পার্টির নেতা এম জে আকবরের দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রতিনিধি দলের নেতারা। ওই দিন বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ-এ মিলিত হবেন তারা। পরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে নৈশ্যভোজে অংশে নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। এই প্রতিনিধি দল মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন। তিন দিনের এই সফর শেষে ২৪ এপ্রিল ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবে প্রতিনিধি দলটি।
 
ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
 
ইত্তেফাক/ইউবি