প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে : রাশেদ খান মেনন

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২০:৪৩
সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা সৃষ্টি করা না গেলে অনেক ভালো উদ্যোগও কাঙ্খিত সফলতা অর্জন করতে পারে না। 
 
শনিবার রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দেশে প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগিতার স্লোগান অন্য দৃষ্টিতে আমার পৃথিবী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
 
মন্ত্রী বলেন, মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধিতা ইস্যু অন্তর্ভুক্তকরনের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে।
 
মন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদা বিবেচনায় পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্মসূচির আওতায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান সুষ্টিতে এগিয়ে আসার জন্য বেসরকারি খাতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
 
মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এসডিজির মূলকথাই হলো কাউকে বাদ রাখা যাবে না। সরকার তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে নানামূখী কাজ করছে।
 
উদ্বোধনী প্রতিযোগিতায় ‘সচেতনতাই পারে দৃষ্টি-প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে’-শীর্ষক বিতর্কে সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয় (অপরাজেয় বাংলা) ও বিরোধী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এছাড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ এবং ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা অংশগ্রহণ করছে।
 
ইত্তেফাক/ইউবি