বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২০:৫৪
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে প্রযুক্তি নির্ভর উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। গত বছর বিদেশে ১১ লাখ কর্মসংস্থান সম্ভব হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ১২ লাখ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন পর আরব আমিরাতের শ্রম বাজার খোলায় সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সৃযোগ সৃষ্টি হবে। আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়টি সেখানকার চাহিদার ওপর নির্ভর করছে। তবে, এক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে।
 
শনিবার সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড প্রদান এবং বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে ড্রাইভিং, ক্যাটারিং ও ভাষা প্রশিক্ষণ এবং অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। সে লক্ষ্যে সরকারি সেবাসমূহে বিকেন্দ্রীকরণ এবং সহজীকরণের কাজ করে যাচ্ছে সরকার। বিদেশগামী কর্মীদের সকল প্রকার হয়রানি বন্ধ এবং সেবা সহজীকরণে মন্ত্রণালয় বদ্ধপরিকর।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম এবং সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি