পা হারানো রোজিনার চিকিৎসার দায়িত্ব নিল বিআরটিসি

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২১:১৫
রাজধানীর বনানী এলাকায় শুক্রবার বাসের চাকায় পা হারানো রোজিনার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। 
 
শনিবার দুপুরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রোজিনাকে দেখতে যান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব রোজিনার পরিবারের সদস্যদের নিকট চিকিৎসার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন বিআরটিসির পক্ষ থেকে। 
 
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব অর্থ প্রদানকালে জানান, প্রয়োজনে ভবিষ্যতে আরো সহায়তা করা হবে। রোজিনার পরিবারের সদস্যদের বিআরটিসির চেয়ারম্যান জানান, বাসের চালক বর্তমানে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থার পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। তিনি এসময় বিআরটিসির পক্ষ থেকে দঃখ প্রকাশ করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
ইত্তেফাক/ইউবি