ফের বাবা হচ্ছেন শহীদ কাপুর

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৩:৫৭
 
শহীদ কাপুর নাকি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় এ নিয়ে জোর গুঞ্জন চলছিল। এ বার সেই গুঞ্জনের সত্যতা মিলল শহিদের কথায়।
 
তবে মুখে তিনি কিছুই বলেননি। বরং সোশ্যাল মিডিয়ায় মেয়ে মিশার একটি ছবি পোস্ট করেছেন। আর তা দেখেই ওয়েব দুনিয়ার একটা বড় অংশ অনুমান করছেন, দ্বিতীয় বার মা হচ্ছেন মীরা রাজপুত।
 
ইনস্টাগ্রামে শহীদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, শুয়ে রয়েছে মিশা। পাশে অনেক বেলুনের ছবি। ওপরে লেখা ‘বিগ সিস্টার’। আর তা দেখেই অনেকে মনে করছেন, শহীদ বোঝাতে চেয়েছেন মিশা এ বার বড় বোন হতে চলেছে। অর্থাৎ দ্বিতীয় বারের জন্য বাবা হতে চলেছেন শহীদ। ২০১৬ সালের ২৬ আগস্ট জন্ম হয় শহীদ-মীরা দম্পতির প্রথম সন্তান মিশার।
 
মীরার ঘনিষ্ঠ সূত্র সাংবাদিকদের জানিয়েছেন, খুব কম বয়সেই প্রথম সন্তানের মা হয়েছেন মীরা। এবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে তিনি পরিপূর্ণ সংসার চান। তার পরই শুরু করতে চান প্রফেশনাল কেরিয়ার।
 

❤️

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on Apr 20, 2018 at 8:25am PDT

 
শহীদের মতোই বলিউডে অভিনয় করতে চান বলে মীরা জানিয়েছিলেন। তবে নাচ তাঁর প্রথম পছন্দ। অভিনয় তো বটেই, তা ছাড়াও অন্য কোনও ভাবে তিনি বলিউডের সঙ্গেই নাকি যুক্ত থাকতে চান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ