ঝালকাঠিতে নির্মাণ শ্রমিক খুন

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৪:১৯
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে গতকাল শনিবার রাতে অজ্ঞাতদের হাতে মো. খলিলুর রহমান মোল্লা (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
 
জানা যায়, গতকাল রাত অনুমানিক ১০টায় উপজেলার সদর বাজারের কামার পট্টি এলাকায় নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত খলিলের ব্যবহৃত মোবাইল সেট, সিম সহ মৃতদেহ উদ্ধার করে। নিহত খলিলুর রহমান মোল্লা উপজেলার পশ্চিম বাদুরতলা এলাকার মো. আমজেদ মোল্লার ছেলে।
 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিঞা মাহমুদ পাখি (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পারিবারিক শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে নিহতের স্বজনরা জানান।
 
ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস