আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সড়ক দুর্ঘটনারোধে সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনীর প্রস্তাব সংসদের আগামী বাজেট অধিবেশনে উত্থাপনে প্রস্তুতি রয়েছে। আজ রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সড়ক পরিবহন আইন ২০১৭ খসড়া অনুমোদন হওয়ার পরে এটা এখন তিনটা মন্ত্রণালয়ের মধ্যে আলাপ আলোচনায় আছে। মূলত আইনটা ভেটিং পর্যায়ে আছে।
তিনি বলেন, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন। সেহেতু আমরা এ আইনটা নিয়ে সকল স্টেক হোল্ডাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। তিনি বলেন, লাইসেন্সবিহীন চালকদের শাস্তির বিষয়টি ফোকাস হয়নি এটা ঢালাওভাবে বলা যাবে না, তার কারণ সরকার সড়ক পরিহবনে এ টু জেড সব কিছু দেখারই। বিষয়টি হচ্ছে দুর্ঘটনা হলে কি হবে। দুর্ঘটনা যাতে না হয় সে জন্য তিন চারটা জিনিস দেখতে হয়। চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স প্রাপ্তি ও গাড়ির ফিটনেসের বিষয় এবং তারপরের বিষয় রাস্তা। সেই সব দিক দেখে একটা পরিপূর্ণ আইন করার জন্য সময় লাগছে। এমন না যে এখন কোন আইন নাই। যুগ উপযোগী আইন করতে একটু সময় লাগছে।
আইনমন্ত্রী জানান, সড়ক পরিবহনের সঙ্গে জড়িত যা কিছু আছে সব কিছুকে এই আইনের মাধ্যমে এড্রেস করার চেষ্টা করা হচ্ছে। বাসস।
ইত্তেফাক/এমআই
