২ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে: শেখ হেলাল

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২০:৪৬
শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, শক্তহাতে ঐক্যবদ্ধ হয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীককে বিজয়ী করে আনতে হবে। এ নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ফলে সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার নির্দেশিত নৌকা প্রতীককে বিজয়ী করে আনতে হবে।
 
রবিবার দুপুরে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, “খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ বিজয়ী হলে ওইদিনই বিএনপির কবর রচিত হবে। তাই নৌকাকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।”
 
এসময় তিনি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
 
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি