প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিদেশে দেশ ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল রবিবার সকালে লন্ডনে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল স্যুটে সাক্ষাত্ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকাকালে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক হওয়া বিএনপি-জামায়াত চক্র এখন বিদেশে বিভিন্নভাবে দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আপনাদের এর উপযুক্ত জবাব দিতে হবে।’ অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী তাদের সংগঠনকে শক্তিশালী এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে দিক-নির্দেশনা দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বিরূপ পরিস্থিতিতে ইউরোপে কিভাবে আওয়ামী লীগ গঠিত হয়েছিল তা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি ইউরোপীয় আওয়ামী লীগের বর্তমান নেতৃবৃন্দকে সেই সময় ইউরোপে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সেইসব নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দকে যথাযথভাবে মূল্যায়নের পরামর্শ দেন।
তিনি বলেন, ‘নবীন ও প্রবীণ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমে আওয়ামী লীগকে সামনে এগিয়ে যেতে হবে।’
শেখ হাসিনা বলেন, কেবল দেশের উন্নয়নের কারণে তিনি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট সহ্য করেছেন এবং বহু ত্যাগ স্বীকার করেছেন। প্রেস সচিব বলেন, সাক্ষাতে বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সের সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী দেশে ফিরছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েল শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ সোমবার দেশে ফিরছেন। গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময় রাত ১২টা) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। আজ বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার ফ্লাইটটি সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ্ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদে’র আমন্ত্রণে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গাল্ফ শিল্ড-১’ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে ১৫ ও ১৬ এপ্রিল সৌদি আরব সফর করেন। ‘গাল্ফ শিল্ড-১’ শীর্ষক সামরিক মহড়ার সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের (সিএইচওজিএম) বৈঠকে যোগ দিতে ১৬ এপ্রিল সৌদি সরকারের একটি বিশেষ বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে দাম্মাম ত্যাগ করেন।
এ বছর সিএইচওজিএম এর প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন ভবিষ্যত্ অভিগামী’। শেখ হাসিনা ১৯ এপ্রিল কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) আনুষ্ঠানিক উদ্বোধনী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে সরকার প্রধান ও তাদের স্বামী/স্ত্রীদের সম্মানে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া সংবর্ধনা ও নৈশভোজে অংশ নেন। তিনি ১৭ এপ্রিল ওয়েস্টমিনিস্টারে রাণী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কেন্দ্রে ‘ক্ষমতায়নে শিক্ষা:কমনওয়েলথ দেশগুলোতে মেয়েদের জন্য সমমাত্রিক ও গুণগত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক কমনওয়েলথ ওম্যান ফোরামের অধিবেশনে যোগ দেন। প্রধানমন্ত্রী একই দিন যুক্তরাজ্যের খ্যাতনামা থিঙ্কট্যাঙ্ক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান বক্তা হিসেবে অংশ নেন। তিনি ১৮ এপ্রিল এশীয় নেতাদের ‘এশিয়ার ক্রমবর্ধমান বিকাশ কি অব্যাহত রাখা সম্ভব (ক্যান এশিয়া কিপ গ্রোয়িং) শীর্ষক গোলটেবিল বৈঠক’ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন।
২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের ফাঁকে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা, তিস্তাসহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে দুই নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। শেখ হাসিনা ২১ এপ্রিল আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা আয়োজিত লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের জন্যে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
ইত্তেফাক/নূহু
