পাবনায় পৌর এলাকার নারায়ণপুর গ্রামে শাহেদ হাসান শুভ (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শুভ পাবনা পৌর সদরের নারায়ণপুর গ্রামের আরশেদ আলমের ছেলে।
শুভর বড় ভাই সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ আলী সোহেল জানান, এইচএসসি পরীক্ষায় ফেল করার পর নিজ বাসার নিচে শুভকে মুদিখানা দোকান করে দেয়া হয়। প্রতিদিন রাত একটার দিকে বাসায় ফেরে শুভ। মঙ্গলবার সকালে শুভকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে বাসা সংলগ্ন তার চাচা মাসুদ পারভেজের চারতলা বাসার ছাদে শুভকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়।
সোহেল হাসান আরো জানান, শুভ কিছুদিন আগ পর্যন্ত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। পরিবারের চাপে সম্প্রতি রাজনীতি ছেড়ে ব্যবসায় জড়িত হয় সে। এতে ক্ষুব্ধ হয়ে পূর্ববিরোধের জেরে পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
