জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে রবিবারের হামলাকে ‘নৃশংস ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। ওই হামলায় ৬০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। খবর সিনহুয়া’র।
নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই হামলায় নিহতদের পরিবারের সদস্য ও আফগান সরকারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। তারা এই হামলায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছে।’
বিবৃতিতে আরো বলা হয়, যেকোনো ধরনের সন্ত্রাস আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। রবিবারের ওই আত্মঘাতী বোমা হামলায় ২৭ নারী ও ৮ শিশুসহ ৬০ জনের বেশি লোক প্রাণ হারায়। একটি ভোট নিবন্ধন কেন্দ্রে এ হামলা চালানো হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
