নেপালের উদ্দেশ্যে বাংলাবান্ধা দিয়ে ৪৩ সদস্যের প্রতিনিধি দলের ভারতে প্রবেশ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২১:৫৬
বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে বাস চলাচল প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ থেকে দুটি বাস হিমালয় কন্যা নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ, ভারত ও নেপালের ৪৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলটি বিকেল ৫টায় বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে কাঠমান্ডুর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেন। 
 
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস সূত্রে জানা গেছে, মূলত চারটি (বিবিআইএন-বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল) দেশের মধ্যে এই বাস সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও প্রথম পর্যায়ে ভুটান বাদে তিনটি দেশের সঙ্গে বাস চালুর সম্ভাব্যতা প্রক্রিয়া শুরু হল। এরই অংশ হিসেবে নেপালের উদ্দেশ্যে বাস যাত্রার ট্রায়াল রান আজ (মঙ্গলবার) শুরু হল। 
 
গত ২৩ এপ্রিল ঢাকা থেকে শ্যামলীর দুটি বাস নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রংপুরে এসে রাত্রীযাপন শেষে মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাস দুটি ভারতে প্রবেশ করে। রাতে ভারতের শিলিগুড়িতে রাত্রীযাপন শেষে বুধবার তারা নেপালের কাঠমুন্ডুর উদ্যেশ্যে রওনা করবেন এবং ২৬ এপ্রিল বৃহস্পতিবার বাস দুইটি কাঠমুন্ডু পৌছাবেন বলে জানা গেছে।
 
বাংলাবান্ধা স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ জানান, বাস সার্ভিস চলাচল শুরু হলে অর্থনীতি, পর্যটনসহ সর্বস্তরের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। বাস চলাচল, ভিসা প্রক্রিয়াসহ যাত্রীরা যাতে সহজে যাতায়াত করতে পারে এই ট্রায়াল রানের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহিৃত করে চতুর্দেশীয় চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে নিয়মিত বাস চলাচলের জন্য আমরা ট্রায়াল রানে যাচ্ছি।  
 
ইত্তেফাক/ইউবি