পরমাণু চুক্তিতে না থাকলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০১:৩০

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক পরমাণু চুক্তি বহাল রাখার আহবান জানিয়েছেন। চুক্তিতে না থাকলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রুহানি। ২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির পরমাণু চুক্তি হয়। খবর আল জাজিরা’র

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট রুহানি বলেন, হোয়াইট হাউস যদি চুক্তির অঙ্গীকার রক্ষা না করে তাহলে ইরান সরকার কঠোর পদক্ষেপ নেবে। আগামী ১২ মে’র মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে তিনি চুক্তিতে থাকবেন কিনা। তার আগেই ইরানের শীর্ষ পর্যায় থেকে কড়া হুঁশিয়ারি আসলো। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, চুক্তিতে যুক্তরাষ্ট্র না থাকলে ইরান ফের পরমাণু কর্মসূচি শুরু করবে এবং এবারের কর্মসূচির গতি আরো বেশি হবে। রবিবার সাক্ষাত্কারটি প্রচার করা হয়। ২০১৫ সালের এপ্রিলে ইরানের পরমাণু প্রকল্প থেকে সরে আসা নিয়ে জয়েন্ট কমিপ্রহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) স্বাক্ষরিত হয়। চুক্তিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া স্বাক্ষর করে। প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিকভাবে একটি বাজে চুক্তি বলে উল্লেখ করেন। তিনি চুক্তি থেকে সরে আসার কথা জানান। তবে তার ওপর আন্তর্জাতি চাপ বাড়ছে চুক্তিটি বহাল রাখার জন্য। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁও ট্রাম্পকে চুক্তি থেকে সরে না আসার আহবান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন।

ইত্তেফাক/নূহু