সাংবাদিক পেটানোর ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১২:০৮
ঢাকায় দায়িত্ব পালনের সময় পুলিশ কর্তৃক সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এই সরকারের সময়ে বাংলাদেশে কোন ঘটনা ঘটলে তার বিচার হয় না এমন নজীর নেই। সাংবাদিক হোক, পুলিশ হোক, এমপি হোক, ব্যবসায়ী হোক অথবা যেই হোক না কেন আইন সবার জন্য সমান। যে অন্যায় করেছে অন্যায়ের গুরুত্ব অনুযায়ী শাস্তি পেতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এ আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
এর আগে মতবিনিময় সভার শুরুতে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঢাকায় সাংবাদিক পেটানোর ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ৩০টি টিভি, ৬শ'র বেশি সংবাদপত্র বের হয়। সরকার কখনো তাদের কোনো কিছুতেই বাধা দেয় না।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এখন সময়ের ব্যাপার। তিনি সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করে বলেন, জয়ের নেতৃত্বে বাংলাদেশ এখন প্রযুক্তিতে ঈর্ষণীয় উন্নতি করছে। আগামী মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশে প্রযুক্তির এক স্বর্ণযুগে প্রবেশ করছে।
 
রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু তাদের কারণে আজ আমাদের ওই অঞ্চলের বনসম্পদ এবং পর্যটন মারাত্মক হুমকির মুখে। তিনি বলেন, আশ্রিত রোহিঙ্গাদের ওপর সন্ত্রাসীদের নজর পড়েছে। আমরা মিয়ানমারের সরকারকে বলেছি তারা যদি ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে কিছু করে তাহলে আমাদের কিছুই করার থাকবে না। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্বেচ্ছাসেবক লীগ ও যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/এসএস