রোমাকে হারিয়ে সেমিতে এক পা লিভারপুলের

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৭:২২
মোহাম্মদ সালাহ’র জোড়া গোলে ঘরের মাঠ অ্যানফিল্ডে গত রাতে রোমাকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। এর ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ইংলিশ জায়ান্টরা। ম্যাচে সালাহ আরও দুই গোলে সহায়তা করেন। অল রেডসদের পক্ষে ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোও দুই গোল করেছেন। অপর গোলটি করেছেন আরেক তারকা ফরোয়ার্ড সাদিও মানে। 
 
খেলা শেষে লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ বলেছেন, ‘অবশ্যই আমরা যদি ৫-০ কিংবা ৫-১ গোলে জিততাম তবে আরো বেশি খুশি হতাম। কিন্তু ৫-২ ব্যবধানও দারুণ ফলাফল। আমরা সেখানে যাব ও নিজেদের যথাসাধ্য চেষ্টা করবো। আমরা যে গোলগুলো করেছি তার থেকে আরো বেশি গোলের সুযোগ পেয়েছিলাম। এটাই এই ম্যাচের ইতিবাচক দিক।’
 
কোয়ার্টার ফাইনালে অবশ্য বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলে পিছিয়ে থেকেও ৩-০ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে রোমা। আগামী ২ মে নিজেদের মাঠে খেলতে নামার আগে বার্সার বিপক্ষে স্মৃতি অবশ্যই বুকে নিয়েই মাঠে নামবে ইতালিয়ানরা। রোমা কোচ ইউসেবিও ডি ফ্র্যান্সেসকো বলেছেন, ‘এই গোল দুটি আমাদের বাঁচিয়ে রেখেছে। এর কারণেই ফিরতি ম্যাচটিতে লড়াই করার আশা থাকবে। আমরা বিশ্বাস করি ফুটবলে সবকিছুই সম্ভব। যদিও এটি সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। কিন্তু সবকিছুর পরেও জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামবো।’
 
ইত্তেফাক/কেআই