ইরান সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:৩৫
ইরানে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’-এ অংশগ্রহণ শেষে আজ বুধবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এসময় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ (ঢাকা) তাঁকে স্বাগত জানান। 
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। সফরকালে নৌবাহিনী প্রধান উক্ত সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 
 
সেখানে অবস্থানকালে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ড. হোসেইন খানজান্দি এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস এডমিরাল হিরোশী ইয়ামামুরা-এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ও দ্বিপাক্ষিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
 
নৌ প্রধানের এ সফরের মধ্যদিয়ে ইরানসহ অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। নৌবাহিনী প্রধান গত ২১ এপ্রিল ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই