থাইল্যান্ডে যুব অলিম্পিক হকির বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আজ সিঙ্গাপুরকে ১০-৪ গোলে উড়িয়ে দিয়েছে গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। বাংলাদেশের হয়ে মোহাম্মদ মহসিন তিনটি এবং আবেদ উদ্দিন, শফিউল ইসলাম শিশির, সারোয়ার শাওন দুটি করে ও অপর গোলটি করেন রাকিবুল হাসান।
টুর্নামেন্টে বি গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে অপর প্রতিপক্ষ মালয়েশিয়া, চাইনিজ তাইপে, পাকিস্তান ও কম্বোডিয়া। বাংলাদেশের মতো জয় দিয়ে শুরু করেছে মালয়েশিয়াও। কম্বোডিয়াকে ২৩-০ গোলে হারিয়েছে তারা। গত বাছাইপর্বের চ্যাম্পিয়ন পাকিস্তান শুরুতেই হোঁচট খেয়েছে। চাইনিজ তাইপের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। বাছাইপর্বের সেরা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের চার মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মহসিনের গোলে শুরুর লিড নেয় দল (১-০)। ম্যাচের ২১ ও ৩০ মিনিটে অপর দুটি গোল করেন মহসিন। সদ্য শেষ হওয়া ঘরোয়া আসর ক্লাব কাপে আবাহনীর হয়ে এবার দারুণ খেলেছেন মহসিন। ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন বিকেএসপি’র ছাত্র মহসিন। আবেদ উদ্দিন ম্যাচের ৫ ও ১৪ মিনিটে, সারোয়ার ৮ ও ১০ মিনিটে, শিশির ১৩ ও ১৬ মিনিটে এবং রাকিব ২৬ মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন। সিঙ্গাপুরের হয়ে ৬ ও ১৬ মিনিটে জুলকার নাইন এবং বিজায়ন ১২ ও ২০ মিনিটে দুই গোল করে ব্যবধান কিছুটা কমান।
ইত্তেফাক/কেআই
