চিত্রনায়ক অনন্ত জলিল পাঁচজন মেধাবী দৃষ্টি প্রতিবন্ধীকে তার প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সাথে দেশে প্রথমবারের মতো আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে আর্থিক অনুদানেরও ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তার এই ঘোষণায় এফডিসির অনুষ্ঠানস্থলে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনন্ত জলিল বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে যে জ্ঞান, বুদ্ধি রয়েছে তা অনেক স্বাভাবিক মানুষের মধ্যেও নেই। সকল সীমাবদ্ধতাকে কাটিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনন্ত জলিলকে জানান, সুযোগ পেলে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও নিজেদের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম।
গত শনিবার এফডিসিতে দেশে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রতি শুক্রবার সকাল ১১টায় প্রচারিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি
ইত্তেফাক/মোস্তাফিজ
