প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া যাচ্ছেন বিকালে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১১:৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন। বিকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকালে ফ্লাইটটির সিডনি পৌঁছানোর কথা রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৮’-তে ভূষিত হবেন।
 
শেখ হাসিনা সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট অ্যাতিফেত জাহজাগার সঙ্গে এই ‘গ্লোবাল ওমেনস লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব ওমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে জন্য এই সম্মাননা পদকে ভূষিত করেছে।
 
গ্লোবাল ওমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী সংক্রান্ত একটি সম্মেলন। জানা গেছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। প্রধানমন্ত্রী আগামী ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনিতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাত্ করবেন। শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেল-এ একটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।