‘বিসর্জন’র পদ্মা-নাসিরকে মনে পড়ে? কৌশিক গাঙ্গুলীর পদ্মা-নাসির। তারাই আবার ফিরছেন রুপালী পর্দায়। ‘বিসর্জন’র সিক্যুয়েল ‘বিজয়া’। কৌশিক গাঙ্গুলীর পরের ছবি।
মুক্তি পাওয়ার পর ভারতের জাতীয় পুরস্কার জিতেছে ‘বিসর্জন’। বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছে এই ছবি। তখন থেকেই যেন সিক্যুয়েলের জন্য শুরু হয়েছিল অপেক্ষা। প্রযোজক সুপর্ণকান্তি করাতির মতে, হয়তো একটা গল্প শেষ হয় আর একটা গল্প শুরু হবে বলে।
IMG0
বুধবার সন্ধ্যায় বিজয়ার কথা ঘোষণা দিয়ে কৌশিক বলেন, আমাদের রীতি অনুযায়ী বিসর্জনের পর বিজয়া করি। সেটাই করছি। এটা প্রেমের গল্প। আগের ছবির মুখ্য চরিত্র, পার্শ্বচরিত্র সকলেই থাকছেন এই ছবিতে। বিজয়া বিসর্জনের সিক্যুয়েল। সচেতন ভাবে আমরা জানি, হয়তো অনেকে বলবেন, বিজয়া ভাল লেগেছে, কিন্তু বিসর্জনের মতো হয়নি। আমরা এটা প্রশংসা হিসেবেই নেব। পদ্মাকে এ বার কলকাতা শহরে দেখব।
IMG1
আগামী মে মাসের শেষে শুরু হবে শুটিং। আগের বারের মতো এ বারেও টাকিতে তৈরি হবে সেট। সিক্যুয়েলের জন্য কি আলাদা চাপ রয়েছে? ‘বিসর্জন’-এর নাসির তথা আবির চট্টোপাধ্যায়ের উত্তর, ‘বিসর্জনের স্মৃতি এখনও সকলের কাছেই টাটকা। আমরা দেখেছি কী ভাবে মানুষ ছবিটি ভালবেসেছেন। তাই এ বারের দায়িত্বটা আরও বেশি।’
IMG2
আর ‘বিসর্জন’-এর পদ্মা তথা জয়া জানালেন, ‘আমার প্রাণের কাছের ছবির সিক্যুয়েল হচ্ছে বলে ভীষণ আনন্দ হচ্ছে। অন্যদিকে একটু চাপ লাগছে। পদ্মাকে যে ভাবে মানুষ ভালবেসেছেন, সেটাকে জাস্টিস করতে পারব কিনা সেটা নিয়েই চাপ। তবে আগের বারের মতো আমি সবকিছু কৌশিকদার ওপরে ছেড়ে দেব।’
IMG3
‘বিসর্জন’-এ সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যর ওপর। ছবি মুক্তির আগেই আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান কালিকা। এ ছবির গানঘর সামলাবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি বললেন, ‘কালিকার কাজটাই আমি শেষ করব এই ছবিতে। ওর সহকারী হিসেবে কাজ করব।’
ইত্তেফাক/রেজা
