কম্বোডিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এশিয়ার প্রতিটি দেশের নিজ-নিজ অর্থনীতি শক্তিশালী করতে নীতিগত ও রাজনৈতিক প্রতিশ্রæতি থাকা দরকার।
বুধবার নমপেনে ফোম প্যান হোটেলে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ট্রেড ফাইনান্স, এ ডেভেলপমেন্ট অফ গ্লোবাল ভেলু চেইন শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ বিশ্ববাজারে উন্নত মানের পণ্য তুলনামূলক কমদামে রপ্তানি করছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, কম্বোডিয়া বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, প্লাস্টিক, চামড়া ও পাটজাত পণ্য এবং তামাকসহ প্রয়োজনীয় পণ্য আমদানি করলে লাভবান হবে। বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েই চলছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি ও ফাইনানশিয়াল সিসটেমে এশিয়ার দেশগুলোর শক্তিশালী অবস্থান থাকা প্রয়োজন। সদস্য দেশগুলোর অর্থনৈতিক অসমতা দূরকরতে দরকার দৃশ্যমান কিছু পরিবর্তন।
কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী প্যান সোরাসাককে সাথে নিয়ে তিনি যৌথ ভাবে এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বক্তব্য রাখেন কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী প্যান সোরাসাক, স্ক্যাপের মাইক্রোপলিসি এন্ড ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ডিভিশন এর আলবাতো ইসগুট, সিইও কা-কি ম্যান, এবং ভিনসেন্ট ও’ব্রেইন এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস সাঈদা মুনা তাসনিম। বাসস
ইত্তেফাক/ইউবি
