বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মানুষের অনেক আগ্রহ রয়েছে। এই দুই সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে বোঝা যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে। সেই কারণে এই দুটি সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনী কার্যক্রম সমন্বয় করার দায়িত্ব পালনের জন্য খুলনায় অবস্থানরত গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন দ্রুত এগিয়ে আসছে। সাধারণ মানুষ এখন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হবে তা পর্যবেক্ষণ করছে। আমরাও এ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। স্থানীয় সরকারের এ নির্বাচনে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকতে চাই। অনেক সময় আমাদের মাঠে থাকতে দেয়া হয় না। তবে সরকার ও প্রশাসন অস্ত্র দেখিয়ে তাড়িয়ে না দিলে আমরা মাঠে থাকব।
গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমি খুলনার আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শক্তিশালী প্রার্থী মনে করি না। গত ১০ বছরে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নৌকা মার্কার প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়নি। তারপরও বলছি, নৌকার মাঝি যতই শক্তিশালী প্রার্থী হোক না কেন-কোনোভাবেই এই নৌকা দিয়ে পার হওয়া (জেতানো) সম্ভব নয়।
তিনি বলেন, আমরা ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। আওয়ামী লীগের প্রার্থী ভাল মানুষ হলেও তার মার্কা নৌকা। তাই নৌকা মার্কার যত দায় তা তার ওপর বর্তাবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর প্রধান নির্বাচন সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিএনপির কেন্দ্রী নেতা হাবিবুল ইসলাম হাবিব, শেখ মুজিবুর রহমান, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, কাজী আলাউদ্দীন, খান রবিউল ইসলাম, মনিরুজ্জামান মন্টু প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
