তারেক রহমানকে সরকার ফেরাতে পারবে না : মোশাররফ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৯:৩৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে সরকারের বক্তব্যের সমালোচনা করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারেক রহমানকে সরকার কখনো দেশে ফিরিয়ে আনতে পারবে না। তিনি ফিরে আসবেন বীরের বেশে- যখন বাংলাদেশের জনগণ চাইবে। তারেক রহমান সময় মতো স্বেচ্ছায় দেশে ফিরবেন, প্রধানমন্ত্রীর ইচ্ছেয় নয়। 
 
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। 
 
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান যেদিন বলবেন আমি বাংলাদেশে যাব, বাংলাদেশ আমার জন্য নিরাপদ সেদিনই কেবল তিনি ফিরবেন। তার আগে নয়। তারেক রহমান ব্রিটিশ আইন মোতাবেক সে দেশে অবস্থান করছেন। অন্যদিকে বাংলাদেশ সরকার তার লন্ডনে অবস্থান নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করেছে। সরকার তাকে সহ্য করতে পারছে না। 
 
বাংলাদেশে সাজা হওয়ায় তারেক রহমান ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেখানে তিনি পলিটিক্যাল এসাইলামে (রাজনৈতিক আশ্রয়) আছেন। কেউ রাজনৈতিক আশ্রয়ে থাকলে তার পাসপোর্ট ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা রাখতে হয়। তাকে একটি ট্রাভেল ডকুমেন্ট দেয়া হয়। এটা ব্রিটিশ নিয়ম। রাজনৈতিক আশ্রয় পেলে ওই ব্যক্তি যতদিন না বলবেন আমার নিজের দেশে যাওয়ার পরিবেশ হয়েছে ততদিন পর্যন্ত আশ্রয়দাতা দেশ তাকে জোর করে ফেরত পাঠাবে না। 
 
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। আমাদের দাবি সুচিকিৎসার স্বার্থে তাঁকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক। যেন তিনি মুক্ত হয়ে পছন্দ মতো চিকিৎসা করতে পারেন। অন্যথায় তার কিছু হলে তার দায়ভার এই সরকারকে নিতে হবে। 
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার আজ তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এখন আবার বলছে নাগরিকত্বর সঙ্গে পাসপোর্টের সম্পর্ক নেই। এই মিথ্যাচার করে তারা জনগনের কাছে ধরা খেয়েছে। খালেদা জিয়াকে সাজা দেয়ার মাধ্যমে তারা গণতন্ত্রের দুয়ার আটকে দিয়েছে। আজ আমাদের সকল শৃঙ্খল, সকল তালা ভেঙে তাকে মুক্ত করতে হবে।
 
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাবেক সভাপতি ও বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা নূরে আরা সাফা, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মো. মালেক প্রমুখ। 
 
ইত্তেফাক/ইউবি